নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে উদ্ভাবিত নতুন জাতের তেল ফসলের পরিচিতি, চাষ পদ্ধতি এবং বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক এক দিনের কৃষক প্রশিক্ষণ হয়েছে।
গত ১৯ অক্টোবর পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের উদ্যোগে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে একটি কর্মসূচির আয়োজন করা হয়। পরে রোববার সরকারি কৃষি তথ্য পরিষেবার পাবনা আঞ্চলিক কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌস ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ড. মো. মনোয়ার করিম খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. মাহবুবুল আলম তরফদার, ড. রবীআহ নূর আহমেদ ও ড. মো. ইমন। এ সময় সংস্থার অন্যান্য গবেষক ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদা মেটাতে, বিদেশ থেকে তেল আনার ওপর নির্ভরতা কমাতে এবং কৃষকের আয় বাড়াতে নতুন জাতের ফলনশীল তেল ফসলের চাষ বাড়ানো প্রয়োজন। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জাতগুলোর জীবনকাল কম, ফলন বেশি এবং রোগ প্রতিরোধক্ষমতা বেশি হওয়ায় এগুলো কৃষকদের জন্য লাভজনক।
প্রশিক্ষণে কৃষকদের পরিবেশবান্ধব উপায়ে চাষ করা, মানসম্মত বীজ সংরক্ষণ, খরচ কমানো এবং মাটির উর্বরতা ধরে রেখে উৎপাদন বাড়ানোর উপায় সম্পর্কে সচেতন করা হয়।

