অতিরিক্ত ভাড়া গুনে দেশে ফিরলেন রিয়াদে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী

নিজস্ব প্রতিবেদক:  সৌদি আরবের বিমানবন্দরে হামলার জেরে ফ্লাইট বন্ধ হয়ে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ জন ওমরাহযাত্রী অবশেষে দেশে ফিরেছেন। দুই দিন চরম উদ্বেগ ও আবাসন সংকটের ভোগান্তি পেরিয়ে বৃহস্পতিবার  রাতে কাতার হয়ে তাঁরা দেশে পৌঁছান। তবে নির্ধারিত বিমানের বিকল্প পথে দেশে ফিরতে গিয়ে তাঁদের প্রত্যেকে অতিরিক্ত ২০ হাজার টাকা করে বিমানভাড়া দিতে হয়েছে।

ওমরাহযাত্রীদের দলের মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, গত মঙ্গলবার তাঁদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর হঠাৎ ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেলে তাঁদের ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে বিকল্প রুটে তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারায় হোটেলে থাকার মেয়াদ শেষ হয়ে যায়। এতে আবাসন ও খাবারের সংকটে পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। দলে বয়োবৃদ্ধ, নারী ও শিশু থাকায় এই কষ্ট আরও বাড়ে এবং যাত্রীদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

সপরিবারে ওমরাহ করতে যাওয়া ঈশ্বরদীর বাসিন্দা সাগর সরদার জানান, মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত অতিরিক্ত অর্থ গুনে দেশে ফিরতে পেরে তাঁরা স্বস্তি পাচ্ছেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব জানান, আটকে পড়া ওমরাহযাত্রীদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন