ঈশ্বরদীতে আগুনে পুড়ে সর্বস্বান্ত শামীম হোসেনের পরিবার

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শামীম হোসেন নামের এক ব্যক্তির বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খারজানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই কয়েলের আগুন থেকেই প্রথমে গোয়ালঘরে সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন বসতঘর ও রান্নাঘরসহ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। রাতে বাড়িতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় বসতঘর ও গোয়ালঘরের সবকিছু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী শামীম হোসেন জানান, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা এবং দুটি সোনার গহনা পুড়ে গেছে। এতে তাঁর অন্তত ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই ও সঞ্চিত অর্থ হারিয়ে তাঁর পরিবার এখন চরম মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার দাবি জানানোর পাশাপাশি সমাজের বিত্তবান ও স্থানীয় লোকজনকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন