ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাড়িটির কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী এলাকায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিল হয়। পরে ওই মিছিলের একটি ভিডিও উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

এর কয়েক ঘণ্টা পর রাত নয়টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন