নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এরপর তাঁদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার সাহাপুর, রূপপুর ও আওতাপাড়া এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার অভিযানে নেতৃত্ব দেন।
আটক ব্যক্তিরা হলেন দিয়াড় সাহাপুর এলাকার মফিজ ড্রাইভারের ছেলে তোহিদুল ইসলাম (৩২) এবং ভেলুপাড়া এলাকার সুজন প্রামাণিকের ছেলে কাউসার আলী (২৭)।
ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম এবং উপপরিদর্শক সোহান ও জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে আদালত দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকের প্রাদুর্ভাব কমাতে ঈশ্বরদীসহ পুরো জেলায় এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

