নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মকলেছুর রহমান বাবলুর স্মরণে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। আগামী শুক্রবার পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলবে।
শোক বইয়ে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, আরআরপি গ্রুপের প্রতিনিধিরা, সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের ব্যক্তিবর্গ এবং দলীয় নেতা-কর্মীরা।
এর আগে মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা, শোক ব্যানার টানানো এবং শোক বই উন্মুক্ত করা হয়েছে।
এ ছাড়া আগামী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শোক র্যালি অনুষ্ঠিত হবে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হবে।



