পাবনায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: পাবনার সদর উপজেলার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার আতাইকুলা দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আতাইকুলা থানার কৈজুরি শ্রীপুর গ্রামের ছাদেক প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) এবং তাঁর স্ত্রী উত্তর কুচিয়ামোড়া গ্রামের আবুল চৌকিদারের মেয়ে আশা খাতুন (২৫)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দিন আগে শবদুল তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। শ্বশুরবাড়ির একটি পুকুরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচের কাজ চলছিল। এই কাজের জন্য বাঁশের সঙ্গে বৈদ্যুতিক তার নেওয়া হয়েছিল। একপর্যায়ে সেই তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে যায়। এতে পুকুরের পানি বিদ্যুতায়িত হলেও বিষয়টি কেউ টের পাননি। মঙ্গলবার রাতে শবদুল, তাঁর স্ত্রী ও অন্য কয়েকজন ওই পুকুরে মাছ ধরতে নামলে সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে পুকুরপাড়ে তোলা হলে শবদুল ও আশা খাতুনের মৃত্যু হয়।

আহত তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন