নিজস্ব প্রতিবেদক: পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুস শুকুর। পরে রাত ১২টা বেজে গেলেও বাড়িতে না আসায় পরিবারের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনদের বাড়িতে ফোন দিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায় না।
এরপর শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
আতাইকুলা থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে। কী কারণে হত্যা হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
-6a5ba143b8aeb.jpg)
