নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির তৃণমূলের সমর্থন পেয়েছেন মো. আব্দুস সামাদ সুলভ মালিথা। তিনি দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার সকালে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় তাঁকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত ওই সভায় তাঁর বিজয় নিশ্চিত করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে সভা যৌথভাবে পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য আনোয়ারা হোসেন বাচ্চু ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।
এই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ প্রাং, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম অনিক খন্দকার, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন পলাশ, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব বিপুল হোসেন মোল্লা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রকিবুল ইসলাম লাকিসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


