চিত্রা এক্সপ্রেস থেকে মাদক সিরাপসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৭৬ বোতল কোডিনযুক্ত আমদানি-নিষিদ্ধ মাদক সিরাপসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া নারীর নাম মোছা. নাজমা খাতুন। তাঁর বয়স ৪৫ বছর। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ৭৬ বোতল মাদক সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি নাটোরের মুলাডুলি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের গ বগিতে নিয়মিত তল্লাশি শুরু করেন রেলওয়ে পুলিশের সদস্যরা। এ সময় নাজমা খাতুনের আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে তাঁর দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় হাতব্যাগ থেকে ৩২ বোতল ইএসকাফ এবং শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৪ বোতল উইংস কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করা হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক চোরাচালান রোধে রেলওয়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন