ঈশ্বরদীর সাবেক ছাত্রদল নেতা - প্রকৌশলী মুক্তার হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ ও বোমা হামলা মামলায় খালাস পাওয়া আসামি প্রকৌশলী মুক্তার হোসেন (৫০) মারা গেছেন। শুক্রবার সকাল ছয়টার দিকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। মুক্তার হোসেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী গ্রামের মৃত রফিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পাবনা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে ভাষা শহীদ বিদ্যানিকেতন মাঠে জানাজা শেষে সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মুক্তার হোসেন প্রথমে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে  ৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতে আপিলের রায়ে এই মামলায় অভিযুক্ত অপর ৪৭ জন নেতা-কর্মীর সঙ্গে তিনিও খালাস পান।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন