নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক কারাতে ক্রীড়া ব্যক্তিত্ব শিহান শেখ ওয়াহেদ আলী সিন্টুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাত আটটায় ঈশ্বরদীর রেলওয়ে মালগুদাম রোডস্থ সাপ্তাহিক জংশন কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
নিয়মিত কবিতা-গানের আসর ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অতিথি শেখ ওয়াহেদ আলী সিন্টুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।
সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, নোঙ্গর সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান, সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক দুদু ও শহীদুল্লাহ খান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নিজেদের লেখা কবিতা পাঠ করেন কবি হাফিজুর রহমান মওলাপুরী, সুবল কুমার পাল, জহুরুল ইসলাম জয়, মোন্তাজ আলী, মুনমুন আক্তার, রমজান আলী ও এস এম রাজা। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুর রহিম বকুল ও এস এম রাজা। এ সময় তবলায় সংগত করেন রনি ও বকুল।

