নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে। বুধবার দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. ইমরান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন এবং উপজেলা ছাত্রদল নেতা আল আমিন হোসেন।
সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মৃদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্তসহ ছাত্রনেতা তাওহীদ, শাহরিয়ার শান্ত, মো. আপন ইসলাম ও সিয়াম হাসান মারুফ।
বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল জামায়াত-শিবিরবিরোধী স্লোগান এবং ছাত্রদলের ঐক্যের ডাক।
বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলার পেছনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়িত। তাঁরা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর দেশে এমন সহিংসতার কোনো জায়গা নেই।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাতের রাজনীতি বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনা বন্ধ না হলে কঠোর রাজনৈতিক প্রতিরোধের হুঁশিয়ারি দেন তাঁরা। একই সঙ্গে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

