মুলাডুলিতে উৎসবমুখর পরিবেশে ক্রিকেটারদের নিলাম


নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীর মুলাডুলিতে আনন্দঘন পরিবেশে ‘মুলাডুলি প্রিমিয়ার লিগ (এমপিএল)-২০২৬’-এর তৃতীয় আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে মুলাডুলি বাজার মুক্তমঞ্চে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসন্ন এই ক্রিকেট প্রতিযোগিতায় এবার মোট ১০টি দল অংশ নিচ্ছে। নিলামের তালিকায় থাকা ১৭০ জন খেলোয়াড়কে বিভিন্ন দল কেনাবেচা করে। লটারির মাধ্যমে দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়ায়। এবারের নিলামে খেলোয়াড়দের সর্বনিম্ন মূল্য ছিল ২০০ টাকা এবং সর্বোচ্চ দর উঠেছে ২ হাজার ৫০০ টাকা।

জোয়ার্দ্দার এন্টারপ্রাইজের মালিক আবু তালেব জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম রকিব ও অনিক খন্দকার। লটারির কুপন তোলার মাধ্যমে নিলাম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মুলাডুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল হক শরীফ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব জোয়ার্দ্দার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতেই আমাদের এই আয়োজন। যুবসমাজ যাতে সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারে এবং মাদকের হাত থেকে রক্ষা পায়, সেই লক্ষ্যেই আমরা নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করে আসছি।

ব্যতিক্রমী এই নিলাম অনুষ্ঠানটি উপভোগ করতে মুলাডুলি বাজার ও আশপাশের এলাকা থেকে শত শত ক্রীড়াপ্রেমী মানুষ ভিড় করেন। পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, ২০২৪ সালের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল জোয়ার্দ্দার এন্টারপ্রাইজ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন