পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান ললিতা গুলশান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ–দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা। পাবনা ও সিরাজগঞ্জ জেলা নিয়ে গঠিত সংরক্ষিত আসন থেকে তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।

শনিবার  দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ললিতা গুলশান বলেন, পাবনা ও সিরাজগঞ্জের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। রাজনীতি কেবল ক্ষমতার মাধ্যম নয়, বরং এটি মানুষের সেবা করার একটি পবিত্র দায়িত্ব। তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে, বিশেষ করে নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

জাতীয় সংসদে নারীদের কণ্ঠ আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তৃণমূলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি সংসদীয় আসনে অবহেলিত মানুষের প্রতিনিধিত্ব করতে চাই।

তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এই নেত্রী আরও বলেন, তারুণ্যের শক্তিই আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। তরুণদের মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু এবং ঈশ্বরদী পৌর মহিলা দলের সহসভাপতি শিরিনা আক্তার। এ সময় স্থানীয় মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন