মাদক ছাড়ার ঘোষণা দিয়ে ঈশ্বরদীতে যুবকের মাইকিং

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলায় ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন এক যুবক। নিজে আর মাদক গ্রহণ করবেন না এবং এলাকায় কাউকে করতে দেবেন না—এমন অঙ্গীকার নিয়ে মাইকিং করেছেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছেন ওই যুবক।

মঙ্গলবার পৌর শহরের ইস্তা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। প্রকাশ্যে নিজের অতীতের কথা স্বীকার করে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।

মাইকিং করা যুবকের নাম ফাহিম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। দুপুরের পর থেকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামে অটোরিকশায় ঘুরে তাঁকে প্রচার চালাতে দেখা যায়।

মাইকিংয়ে ফাহিম বলেন, ইস্তা এলাকার সব মাদকসেবী ভাইদের বলছি, আজ থেকে কেউ এখানে মাদক নিতে আসবেন না। আমিও আগে নিতাম, কিন্তু এখন থেকে আর নেব না। হঠাৎ ছেড়ে দেওয়া কঠিন হলেও আমি আর এটি স্পর্শ করব না। কেউ যদি আমাকে আবার মাদক নিতে দেখেন, তাহলে ধরে পুলিশের হাতে তুলে দেবেন।

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত—এ প্রশ্নে ফাহিম জানান, সোমবার রাতে গাঁজা সেবন করতে গিয়ে অন্য এক ব্যক্তির কাছে অপমানিত হন তিনি। সেই ঘটনা তাঁকে নাড়া দেয়। অনুশোচনা থেকে ৩৫০ টাকা খরচ করে পুরো এলাকায় মাইকিং করার সিদ্ধান্ত নেন।

ফাহিমের ভাষ্য, আমি কথা দিচ্ছি, আর মাদক গ্রহণ করব না। এলাকায় যাতে কেউ এ কাজে জড়াতে না পারে, সেজন্য সচেষ্ট থাকব। কেউ ক্ষতি করার চেষ্টা করলে আইনের আশ্রয় নেব এবং পুলিশের সহায়তা চাইব।

স্থানীয় বাসিন্দারা বলেন, শুরুতে বিষয়টি অবাক করলেও পরে অনেকেই তাঁর সাহসের প্রশংসা করেছেন। তাঁদের আশা, এই উদ্যোগ অন্য তরুণদেরও সুস্থ জীবনে ফেরার অনুপ্রেরণা জোগাবে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, একজন যুবকের এমন সিদ্ধান্ত সত্যিই ইতিবাচক। আমরা তাকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা দেব। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন