নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। দুই উপজেলার ১২৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৮৬ ভোট। অন্যদিকে, বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৮৪১ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ১১১ জন। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় ভোটারের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ২৪০ এবং আটঘরিয়া উপজেলায় ১ লাখ ৩৮ হাজার ৮৭১ জন।
এদিকে বিজয় নিশ্চিত হওয়ার পর নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন অধ্যাপক আবু তালেব মন্ডল। এ সময় উপস্থিত জনতা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই বিজয় আমার ঈশ্বরদী ও আটঘরিয়ার আপামর জনগণের বিজয়। আপনাদের এই ভালোবাসা ও আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন, আমরা যেন ভেদাভেদ ভুলে সবাই মিলে একযোগে এই অঞ্চলের উন্নয়নের সারথি হতে পারি।

