নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ্ব মোড় এলাকায় তাদের ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা, জামায়াতের সংবাদ সম্মেলন এবং বিএনপির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়।
শুক্রবার বিকেলে শহরের পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন মোটর স্ট্যান্ডে এক পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, জামায়াত নেতা আবু তালেব মন্ডল নিজে উপস্থিত থেকে তার ক্যাডার বাহিনী দিয়ে হামলা চালিয়েছেন। পরে তারা সংবাদ সম্মেলন করে দোষ চাপানোর চেষ্টা করেছেন। সামাজিক মাধ্যমে দেখা গেছে, এক যুবক অস্ত্র হাতে গুলি করছেন, যিনি জামায়াতের সক্রিয় ক্যাডার।
বক্তারা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে অস্ত্রধারী তুষার মন্ডলকে গ্রেফতার করতে হবে। তা না হলে ঈশ্বরদীতে বৃহত্তর আন্দোলন করা হবে। তারা স্থানীয় পুলিশ ও জামায়াত নেতাকে দায়ী রাখার কথাও উল্লেখ করেন। এছাড়াও বক্তারা বলেন, জামায়াত ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী সংগঠন।
এসময় পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তুহিন চৌধুরী, দাশুড়িয়া ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, সাবেক ছাত্রনেতা এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার সর্বশেষ নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

