নিজস্ব প্রতিবেদক: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈশ্বরদীতে পদ্মা নদীতে মাছ শিকারের অভিযোগে নয় জনকে আটক করেছে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। ১২ অক্টোবর রোববার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পদ্মা নদীর পাকশী ও লালপুর পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন পাশ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজেলার নূরুল্লাপুর এলাকার মৃত মজিবার রহমানের ছেলে ময়নাল মন্ডল ও জয়নুল আবেদীন, একই এলাকার আশরাফ প্রাংয়ের ছেলে ফরহাদ হোসেন, মৃত টেংরা সরদারের ছেলে মনিরুল ইসলাম ও শামীম সরদার, মুনসুর রহমানের ছেলে নাঈমুদ্দীন, রেজাউল সরদারের ছেলে রুবেল সরদার, রশিদ সরদারের ছেলে রহিম সরদার এবং মৃত কাশেম বিশ্বাসের ছেলে শহীদুল বিশ্বাস।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

