নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ তাদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। এ উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাহিত্য পদক প্রদানসহ নানা আয়োজন করা হয়।
শনিবার সকালে পরিষদ চত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে হয় মূল আলোচনা সভা। পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল এতে সভাপতিত্ব করেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও কবি মজিদ মাহমুদ, ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, বিএসআরআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কুয়াশা মাহমুদ, সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি খোন্দকার মাহবুবুল হক দুদু।
এছাড়া, নির্বাহী সদস্য প্রফেসর আখতার হোসেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মোস্তাক আহমেদ কিরণ, জাহিদুল আলম সনু, ওহিদুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক এস আলমগীর, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, সহ সম্পাদক আতাউর রহমান বাবলু, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম বাবলু এবং সাহিত্য সম্পাদক আলমগীরুল নিউটন-সহ পরিষদের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রথম বারের মতো চালু হওয়া ‘মজিবর রহমান বিশ্বাস ভবঘুরে সাহিত্য পদক’ তুলে দেওয়া হয় গবেষক ও কবি মজিদ মাহমুদের হাতে। একই মঞ্চে একটি ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন এবং কেক কাটা হয়। এরপর পরিষদের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়
সংগঠন সূত্রে জানা যায়, পদক পাওয়া মজিদ মাহমুদ ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরগড়গড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। আশির দশক থেকে তিনি লেখালেখি করছেন। তাঁর কবিতা ও প্রবন্ধে জীবন, প্রেম, প্রকৃতি ও মানুষের ভাবনা সহজভাবে ফুটে ওঠে। এখন পর্যন্ত তিনি ৬০টির বেশি বই লিখেছেন এবং জাতীয় প্রেসক্লাব পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন।


