নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫–২৬ অর্থবছরের “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প” এর আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।
বুধবার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. নূরে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) ফাহমিদা নাহার।
অনুষ্ঠানে বক্তারা পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার গুরুত্ব নিয়ে কৃষক-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় করেন। দুই দিনের প্রশিক্ষণে বিভিন্ন সেশনে দিকনির্দেশনা দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মোমিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ধীমান তানভীর স্বাক্ষর।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই প্রকল্পের লক্ষ্য পরিবারে সবজির চাহিদা পূরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকের আয় বৃদ্ধি এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তোলা। প্রকল্পের আওতায় প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের বীজ, সার, বেড়া ও অন্যান্য উপকরণ দেওয়া হয়। এসব বাগানে সবজি, মসলা ও ফলের চাষ করা হবে।
উপজেলার বিভিন্ন ব্লক থেকে ৩০ জন কৃষক ও কৃষাণী এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে আম, লিচু, পেয়ারা ও লেবুসহ সাতটি ফলের চারা এবং চার ধরনের সবজির বীজপ্যাকেট দেওয়া হয়।

