২৫ মুখ, ৫০ হাতের দেবী দুর্গা এবার ঈশ্বরদীতে

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রেলওয়ে হরিজনপল্লীতে এবার নজিরবিহীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী বারোয়ারী দূর্গা মন্দিরে দেবী দুর্গা ২৫টি মাথা ও ৫০টি হাতে প্রতিমায় আবির্ভূত হবেন। সঙ্গে থাকছে দুটি সিংহ, একটি অসুর এবং একটি মহিষ।

এবারের প্রতিমা বিশেষভাবে সাজানো পূজার অংশ হিসেবে তৈরি হয়েছে। সাধারণ আরাধনার পাশাপাশি দর্শকদের আকর্ষণ হবে দেবীর চামুণ্ডারূপ।

আয়োজকরা বলছেন, বাংলাদেশে এমন রূপে দুর্গার আরাধনা এবারই প্রথম। এর আগে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লম্বোদরপুরে ২০২২ সালে এবং কলকাতার বরানগরে ২০২৪ সালে এ ধরনের প্রতিমা তৈরি হয়েছিল।

প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পী উকিল কামার জানান, 'আমি ১৮–২০ বছর ধরে প্রতিমা গড়ে আসছি। কিন্তু ১৬ ফুট উঁচু, ২৫ মুখ ও ৫০ হাত বিশিষ্ট এই প্রতিমা তৈরি করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিটি মাথা সাজানো এবং হাত সংযোজনের ধাপই বিশেষ কঠিন ছিল।' 

পাকশী রেলওয়ে হরিজনপল্লী দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক রাজু বলেন, 'দক্ষিণ ভারতে এমন প্রতিমা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। আমরা আশা করি, পাকশীসহ আশপাশের ভক্তদের কাছে এবারের পূজার প্রধান আকর্ষণ হবে চামুণ্ডারূপী দেবী।' 

মন্দির কমিটির সম্পাদক সাজু বলেন, 'অসুর নিধনের সময় দেবী ছিলেন যুদ্ধংদেহী। তাই এবার প্রতিমায় ২৫টি মাথা, ৫০টি হাত, দুটি সিংহ, একটি অসুর ও মহিষকে ফুটিয়ে তোলা হয়েছে। এটি দর্শকদের জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা হবে।' 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন