রূপপুর বিদ্যুৎকেন্দ্র: চুক্তি হচ্ছে অপারেটর সংস্থার সঙ্গে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি করতে যাচ্ছে। এজন্য 'বিদ্যুৎ ক্রয় চুক্তি' নামে একটি চুক্তি সই করা হবে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সঙ্গে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তের পর শুক্রবার রূপপুর প্রকল্প এলাকায় একটি ধন্যবাদ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, 'পিপিএ নিয়ে আগে কিছু বিভ্রান্তি ছিল, কিন্তু এখন মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এনপিসিবিএলের সঙ্গেই চুক্তি হবে, যা যৌক্তিক।'

তিনি আরও বলেন, '২০১৫ সালের পারমাণবিক শক্তি আইন অনুযায়ী, রূপপুর প্রকল্পের সব দায়িত্ব ধীরে ধীরে এনপিসিবিএলের হাতে যাবে। তারা এই বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করবে, তাই তাদের সঙ্গেই বিদ্যুৎ কেনার চুক্তি হওয়া উচিত।'

অনুষ্ঠানে প্রকল্পের প্রধান প্রকৌশলী হাসমত আলী, পিপিএস প্রধান এস. এম. মাহমুদ আরাফাত এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে ও ফুল দিয়ে ড. জাহেদুল হাসানকে শুভেচ্ছা জানানো হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন