ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, সাময়িক বরখাস্ত স্টেশন মাস্টার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঈশ্বরদী বাইপাস স্টেশনের স্টেশন মাস্টার বাবুল রেজাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার ভোরে ঈশ্বরদী বাইপাস স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের ৫১ নম্বর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ইঞ্জিন ও মালবাহী একটি ওয়াগন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিন ঘণ্টা উদ্ধার কাজ চালানোর পর সকাল ৭টা ৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হালিমা খাতুন। তিনি বলেন, 'পয়েন্ট পরিবর্তন না করেই ট্রেন চলাচলের জন্য ক্লিয়ারেন্স দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে স্টেশন মাস্টারের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।' 

রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঈশ্বরদী লোকোমোটিভ রানিং শেড থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। তাদের তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত ইঞ্জিন ও ওয়াগন উদ্ধার করা সম্ভব হয়।

দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী কমিউটার ট্রেন—এই দুটি ট্রেন গন্তব্যে পৌঁছাতে প্রায় আধা ঘণ্টা দেরি হয়। 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন