ঈশ্বরদীতে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শনিবার বিকেলে দাশুড়িয়া নতুন গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে দাশুড়িয়া গোলচত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা, মুলাডুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক এবং গুলিবিদ্ধ মনোয়ারুল ইসলামের ছেলে ঈমন হোসেন।

বক্তারা বলেন, এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিশেষ করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামানিক ও দাশুড়িয়া শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকু প্রামানিকসহ যারা এ ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে উপজেলা বিএনপির পক্ষ থেকে বড় কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে তারা হামলায় জড়িতদের দল থেকে বহিষ্কারের দাবিও জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, বিএনপি নেতা এনামুল, যুবদল নেতা অনিক খন্দকার, সাইফুল ইসলাম পন্ডিত, সাইফুল ডালিকী, বিপুল মোল্লা, শরিফুল হক, আলী আকবর, তাতীদলের পারভেজ আহমেদ পলাশ, স্বেচ্ছাসেবক দলের জাহিদ হাসান ও রকিবুল ইসলাম লাকী, কৃষকদলের মহিদুল ইসলাম এবং ছাত্রদলের জীবন মোল্লা, মেরিদুল ইসলাম, ঈমন হোসেন, রাব্বি হোসেন ও আকাশসহ অনেক নেতাকর্মী।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল  বিকেলে দাশুড়িয়া গোলচত্বরে সিএনজি স্ট্যান্ড নিয়ে বিরোধের জেরে মনোয়ারুল ইসলামের ওপর গুলি চালানো হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন