ঈশ্বরদীতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫-২০ টাকা

ফাইল ছবি 

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলায় পেঁয়াজের দাম এখন চড়া। পেঁয়াজের ভরা মৌসুমেও গত এক সপ্তাহে বাজারে পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা বেড়ে গেছে। 

ব্যবসায়ীরা জানান, আড়তে সরবরাহ কমে যাওয়ার কারণে পাইকারিতে দাম বেড়েছে। বর্তমানে বাজারে ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৩৫ থেকে ৪০ টাকা।

উপজেলার আরামবাড়িয়া বাজারের খুচরা সবজি বিক্রেতা মিজানুর রহমান বলেন, ‘পাইকারি বাজারে দাম বেড়েছে, তাই আমাদেরও দাম বাড়াতে হচ্ছে। পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে। এজন্য ভালো মানের পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করছি।’ 

অন্যদিকে, আওতা পাড়া বাজারের খুচরা বিক্রেতা বেলাল হোসেন বলেন, ‘এখন পেঁয়াজের দাম বাড়ানোর কোনো কারণ নেই। কৃষকরা বাজারে পেঁয়াজ ছেড়ে দিয়েছেন, কিন্তু কিছু বড় ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে দাম বাড়াচ্ছে।’

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন, ‘কৃষকরা পেঁয়াজ উৎপাদন করে বাজারে ছেড়ে দিয়েছেন, তবে মধ্যস্বত্বভোগী কিছু ব্যবসায়ী মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করছে। আমরা ইতোমধ্যে এ বিষয়ে নজরদারি শুরু করেছি।’ 

এছাড়া, কাঁচাবাজারে বাজার করতে আসা ক্রেতা রফিকুল ইসলাম ও আবেদ আলী বলেন, ‘এটা সত্যিই উদ্বেগের বিষয়। কৃষকরা পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে ভোক্তাদের অতিরিক্ত দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এটি পুরো পরিস্থিতির অবিচলিত প্রতিফলন।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন