নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া চারটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পাবনা সদর থানার দড়ি কামালপুর এলাকার নেসকো কর্মচারী মো. মোশাররফ হোসেনের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি ৩ মার্চ সন্ধ্যায় চুরি হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে।
আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈশ্বরদীর আলহাজ মোড় থেকে চোর চক্রের মূল হোতা প্রান্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা সদর ও কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে আরও দুই সদস্য জুয়েল ও ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি ইয়ামাহা এফজেড, লিফান ১০০ সিসি, ডিসকভার ১২৫ সিসি এবং অ্যাপাচি ১৬০ সিসির মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি বলেন, 'মোটরসাইকেল চুরি চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।'
.jpg)
