নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের গুজব ছড়িয়ে দেশকে বিপদে ফেলতে চাইছে।
শনিবার বিকালে পাকশী ইউনিয়নের আমতলা মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এসব ষড়যন্ত্রের ডালপালা যেন বড় হয়ে বৃক্ষে পরিণত না হয়, সেজন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ।
হাবিব আরও বলেন, এই মুহূর্তে ষড়যন্ত্র করে কিংবা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছুই অর্জন হবে না। বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, সরকারকে সফল করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেকেন্দার আলী সেকেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক পাঞ্জু রহমান, সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, পাকশী রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুমন আলী, উপজেলা ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমনসহ অনেকে।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পাকশী ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


