ঈশ্বরদীতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি 

ঈশ্বরদীতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে রাকিব হোসেন (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাকিব উপজেলার ইলশামাড়ি গ্রামের স্বপন আলীর ছেলে এবং পেশায় রিকশাচালক। প্রায় আট মাস আগে তার বিয়ে হয় সাঁড়া ইউনিয়নের বড়পাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ের সঙ্গে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাকিব শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে দীর্ঘসময় দরজা বন্ধ থাকায় স্ত্রীর ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। এ সময় স্বজনরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রাকিব ঝুলছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন