![]() |
| ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের একটি ত্রুটিযুক্ত নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে কড়া নিরাপত্তায় এটি রূপপুর থেকে ঢাকায় পাঠানো হয়। শনিবার সকালে বিশেষ বিমানে রিজেক্টেড এসেম্বল স্টিকটি রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছে বলে জানা গেছে।
রূপপুর এনপিপি’র প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছর রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য মোট ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল এসেম্বল স্টিক রূপপুরে পৌঁছায়। প্রথম ইউনিটের স্টার্টআপ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে, যা সম্পন্ন হতে ৯ থেকে ১২ মাস লাগবে। এই সময়ে একটি ফুয়েল এসেম্বল স্টিক বাঁকা হয়ে যায়, যা রিজেক্ট করা হয়।
ড. জাহেদুল হাসান আরও জানান, গত ৩১ অক্টোবর রাশিয়া থেকে রিজেক্টেড এসেম্বল স্টিকের রিপ্লেসমেন্ট ঢাকায় পৌঁছে। পরেরদিন সকালে এটি সড়কপথে রূপপুরে পাঠানো হয় এবং একই রাতে ত্রুটিযুক্ত স্টিকটি ঢাকায় নিয়ে আসা হয়, যা শনিবার সকালে রাশিয়ায় ফেরত পাঠানো হয়।
প্রথম ইউনিটে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সাতটি চালানে মোট ১৬৮টি ফ্রেশ ইউরেনিয়াম ফুয়েল এসেম্বল রূপপুরে পৌঁছায়। গত অক্টোবরেই প্রথম ইউনিটের রিয়্যাক্টর এসেম্বল সফলভাবে সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৫ সালে প্রথম ইউনিট এবং ২০২৬ সালের মাঝামাঝি সময়ে দ্বিতীয় ইউনিট চালু হবে। এতে দুটি ইউনিট থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

