ঔষধের মূল্য নিয়ন্ত্রণের বিরুদ্ধে ঈশ্বরদীতে প্রতিবাদী পথসভা


নিজস্ব প্রতিবেদক: ঔষধের মূল্য নিয়ন্ত্রণের নামে জনগণের উপর অতিরিক্ত ব্যয় চাপানোর বিরুদ্ধে  ঈশ্বরদীতে  প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ঈশ্বরদী বাজার এলাকায়  উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগ সমিতি ঔষধের বিক্রয় মূল্যের সর্বনিম্ন সীমা নির্ধারণের যে উদ্যোগ নিয়েছে, তার বিরোধিতা করেই এই সভার আয়োজন করা হয়।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, এই সমিতি মূলত বড় ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। তারা সাধারণ ও ছোট ঔষধ বিক্রেতাদের উপর অযাচিত নিয়ন্ত্রণ আরোপ করে ঔষধের মূল্য বাড়িয়ে জনগণের আর্থিক ক্ষতি করছে। বক্তারা আরও বলেন, এটি জনগণের পকেট কেটে অর্থ লুটের শামিল এবং নতুন সরকারের প্রতি এক অশুভ বার্তা।

বক্তৃতায় অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের  উপজেলা সমন্বয়ক মো. সাজ্জাদ হোসাইন সুজাত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা আহ্বায়ক লিটন বিশ্বাস, অধিকার বঞ্চিত নাগরিক পরিষদের সদস্য সচিব কায়েদ-ই-আজম,  সিপিবির উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক  জুয়েল হোসেন সোহাগ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা শাখার সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সাবেক সমন্বয়ক আসাদুজ্জামান রকিব এবং ছাত্র প্রতিনিধি আল আমিন সিনহা।

বক্তারা বলেন, এই সিন্ডিকেট ফ্যাসিবাদী কায়দায় কাজ করছে এবং সাধারণ জনগণের অর্থ হাতিয়ে নিচ্ছে। তারা এই বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন এবং সাধারণ ঔষধ বিক্রেতাদের আহ্বান জানান জনসেবার কথা মাথায় রেখে সুলভ মূল্যে ঔষধ বিক্রি করতে।

ঈশ্বরদী নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের ব্যানারে আয়োজিত এই পথসভাটি সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের পাবনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান বিদ্যুৎ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন