ভীমরুলের কামড়ে বাবা-মেয়ের পর এবার ছেলের মৃত্যু

সংবাদ সাতদিন ডেস্ক: ময়মনসিংহের ধোবাউড়ায় ভীমরুলের কামড়ে বাবা আবুল কাশেম ও মেয়ে লাবিবা আক্তারের মৃত্যুর পর এবার ছেলে সিফাত উল্লাহও মারা গেছে।

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ বছর বয়সি সিফাতের মৃত্যু হয়।

এর আগে শনিবার (১২ অক্টোবর) বেলা ১টার দিকে আবুল কাশেম (৫৫) মারা যান। মেয়ে লাবিবার (৮) মৃত্যু হয় দুপুর ৩টার দিকে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ধোবাউড়ায় বন্যা হওয়ায় শনিবার দুপুরে দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম মেয়ে লাবিবা ও ছেলে সিফাতকে নিয়ে নৌকা দিয়ে বাঁশ ঝাড়ের নিচ দিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় বাঁশঝাড়ে বাসা বাঁধা তাদের ওপর আক্রমণ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার আবুল কাশেম ও তার দুই সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন