রেললাইনে নাশকতাকারীদের খুঁজে বের করবে পুলিশ: ডিআইজি


নিজস্ব প্রতিবেদক: ১৩ ডিসেম্বর বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

১৩ ডিসেম্বর বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি গলমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, যারা নাশকতাকারী, যারা এতোবড় একটি দুর্ঘটনার পরিকল্পনা করেছে তাদের সবাইকে খুঁজে বের করবো আমরা। তাদেরকে আইনের আওতায় আনার সঙ্গে সঙ্গে সারাদেশে সবার মাঝেই একটি মেসেজ চলে যাবে। আমাদের দেশে কয়েক হাজার কিলোমিটার রেললাইন আছে। নির্বিঘ্নে চলাচলে এখন আমাদের দেশের মানুষের আস্থার একটি জায়গা ট্রেন।

ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম আরও বলেন, এ ঘটনা তদন্তের মাধ্যমে আমরা যে ক্লু পাব, তাদের প্ল্যান, প্রিপারেশন, এখানে রেললাইনকে গলিয়ে ফেলা হয়েছে, অক্সিজেন ও ইথেন গ্যাস একসঙ্গে সংযুক্ত করে দেড় দুই হাজার তাপমাত্রা হয়ে যায়, এ ধরনের ম্যাকানিজম যারা দিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে ট্রেনে আর যেন কেউ নাশকতা চালাতে না পারে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয় ১৩ ডিসেম্বর বুধবার ভোর ৪টার দিকে। ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা নাশকতা করতে রেললাইনের অংশ কেটে রাখে। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জনেরও বেশি।

১২ ডিসেম্বর মঙ্গলবার এবং ১৩ ডিসেম্বর বুধবার বিএনপি ও এর সমমনা দলগুলো ১১তম দফায় অবরোধের ডাক দিয়েছে। যা আজ সন্ধ্যা ৬টায় শেষ হবে। অবরোধের দ্বিতীয় দিনে রেল লাইনের এই দুর্ঘটনাটি ঘটে। গত ২৮ অক্টোবরের পর থেকে সরকার পতনের একদফা দাবিতে দফায় দফায় কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি ও এর সমমনা দলগুলো।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন