নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে ঈশ্বরদী সাবেক বিএনপি নেতা ও পাকশীর সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে তিনি মারা যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ নিজামুদ্দিন সংবাদ সাতদিন’কে বিষয়টিকে নিশ্চিত করেছেন।
তিনি শনিবার সন্ধা ৭টা ৩৫ মিনিটে মুঠোফোনে জানান, আবুল কালাম আজাদ বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন। আজ শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দুপুর ২ টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরপর দুপুর ২টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলার নিজামুদ্দিন জানান, নিয়মানুযায়ী মরদেহের ময়নাতদন্তের পর তাঁর নিকট আত্নীয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ বিকেল পর্যন্ত কেউ রাজশাহী কারাগারে এসে যোগাযোগ করেনি। আশা করা যাচ্ছে আগামীকাল রোববার অনান্য কার্যাদি সম্পূর্ণ করা সম্ভব হবে।
আবুল কালাম আজাদ পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষন, বোমা নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে ঈশ্বরদী রেল থানায় মামলা হয়। দীর্ঘ ২৫ বছর পর ২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত দায়রা জজ রুস্তম আলী ওই মামলার রায় প্রদান করেন। রায়ে ২৫ জনকে যাবজ্জীবন, ১৩ জনকে দশ বছর কারাদন্ড এবং ৯ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়। এরমধ্যে আবুল কালাম আজাদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হিসেবে রাজশাহীতে কারাবন্দি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাকশীর বাঘইলে।

