ইমরানের দলে ধরপাকড় চলছেই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি রয়েছেন।

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশিকে বৃহস্পতিবার ভোররাতে গিলগিট বালতিস্তানের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে। তাকে জনশৃঙ্খলা রক্ষা আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে রাজধানী ইসলামাবাদ নিয়ে যাওয়া হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, ইমরানের দলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত কুরেশি। তাকে গ্রেপ্তারের ভিডিও টুইটারে পোস্ট করেছে পিটিআই। দলটির দাবি, গ্রেপ্তারের পর পুলিশ কুরেশিকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

এর আগে পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী এবং সেক্রেটারি জেনারেল আসাদ ওমরকে গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদ পুলিশ গতকাল বৃহস্পতিবার পিটিআইয়ের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায়, পিটিআইয়ের কুরেশি, ওমর, ফাওয়াদ, জামশেদ ইকবার চেমা, ফালাকানাজ চিত্রালি, মুসারাট জামদেশ এবং মালেকা বোকারিকে আটক করা হয়েছে।

টুইটবার্তায় পুলিশ জানায়, পরিকল্পিত অগ্নিসংযোগ ও সহিংস বিক্ষোভে শান্তি নষ্ট হওয়ার হুমকি থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বার্তায় বলা হয়, ‘আইন মেনে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনে আরও গ্রেপ্তার করা হবে। গুজব এবং মানুষকে উত্তেজিত করা থেকে বিরত থাকুন।’

গত মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলাসহ একাধিক মামলায় জামিন চাইতে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার হন ইমরান খান। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (এনএবি) এক বিবৃতিতে বলেছে, ‘আল-কাদির ট্রাস্ট দুর্নীতি’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। আদালত গত বুধবার ইমরানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে ইমরান কারাগারে তাকে বিষ প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনসে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ আদালতে ইমরান এমন আশঙ্কার কথা জানিয়েছেন। ইমরানের গ্রেপ্তারের বিরুদ্ধে পাকিস্তানজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত আটজন নিহত এবং আরও ২৯০ জন আহত হয়েছেন। পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

এর আগে পাঞ্জাবের প্রাদেশিক সরকার সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠায়। এতে লাহোর, মুলতান, রাওয়ালপিন্ডি, ফয়সলাবাদ এবং অন্যান্য জেলা শহরে সেনা মোতায়েনের কথা বলা হয়। এদিকে ইমরানের দলের কর্মীরা পাকিস্তানজুড়ে যে কর্মকাণ্ড চালাচ্ছেন তা ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন