![]() |
| পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করেছে। অবিলম্বে তাকে মুক্তি দেয়ারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
জমি কেলেঙ্কারি নিয়ে একটি দুর্নীতির মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়।
এর পরই সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংসতায় প্রাণ হারান ১০ জন। এসব বিক্ষোভ থেকে দুই হাজারেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এমনকি ইমরানের দল পিটিআইয়ের শীর্ষনেতারাও ধরপাকড়ের শিকার হয়েছেন।
ইমরানের আইনজীবীরা বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়ে দাবি করেন, তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে।
শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ আদেশ দেন, ইমরানকে পুলিশ লাইন্স গেস্ট হাউসে সর্বোচ্চ আদালতের তত্ত্বাবধানে রাখতে হবে। কিন্তু তাকে বন্দির মতো রাখা যাবে না। ইসলামাবাদ পুলিশ তার নিরাপত্তা নিশ্চিত করবে।
ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি আল কাদির ট্রাস্টের জমি দখল করেছেন। এ নিয়ে ইমরানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। তিনি সেই মামলার জামিন নেয়ার জন্যই মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। তখন হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিএনএন জানায়, ইমরান যখন আদালতে প্রবেশের জন্য বায়োমেট্রিক দিচ্ছিলেন, তখন আধা সামরিক বাহিনী একটি জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে তাকে গ্রেপ্তার করে। ইমরান তখন শান্ত হয়ে দাঁড়িয়ে ছিলেন।
ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ২০১৮ সালের আগস্ট থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশটির রাজনীতির নিয়ন্ত্রক শক্তি সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পরিপ্রেক্ষিতে গত বছরের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন তিনি।
তার গ্রেপ্তারের পর সেনাবাহিনীর সঙ্গে পিটিআইয়ের দ্বন্দ্ব আরও প্রকট রূপ নিয়েছে।

