ঈশ্বরদীর বীর মুক্তিযোদ্ধা টিনুকে গার্ড অব অনার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম টিনুর দাফন সম্পন্ন হয়েছে।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার দিয়াড় রূপপুর রেলওয়ে কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে মুক্তিযোদ্ধা টিনুকে উপজেলা প্রশাসনের উদ্যেগে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের উপস্থিতিতে পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। তখন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার উপস্থিত ছিলেন। এরপর নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

তার আগে উপজেলা ও থানা প্রশাসন, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদ, ঈশ্বরদী প্রেসক্লাব, পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ও ঈশ্বরদী উপজেলা জাসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

এতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, ঈশ্বরদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাবের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফজলুর রহমান ফান্টু, সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, পাকশী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আব্দুর রহিম টিনু। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও মেয়ের জনক ছিলেন তিনি।  

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন