টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কৃষিতেই জোর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কৃষি খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষির অবদান শতকরা হারে আগের চেয়ে কমলেও এর গুরুত্ব একটুও কমেনি। দারিদ্র্য বিমোচন এবং সবার জন্য খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির অবদান অতীতে যেমন ছিল, বর্তমানে তেমনি রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বৃহস্পতিবার টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণবিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা ‘উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা’ (উবিনীগ) এই সভার আয়োজন করে। ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে ‘আরশিনগর বিদ্যাঘর’-এর একটি কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন উবিনীগের পরিচালক সিমা দাস সিমু। এতে আরও বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুবির কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুল রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বেউল্লাহ মানিক এবং সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার।

এই আলোচনা সভায় জেলে, মৃৎশিল্পী, হস্তশিল্পী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী কৃষকেরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উবিনীগের ঈশ্বরদী সমন্বয়ক আজমিরা খাতুন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন