লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। তাঁর নাম দীপক কুমার সরকার (৫২)।
শনিবার
রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দীপক কুমার একই এলাকার মৃত নরেন সরকারের ছেলে। বেসরকারি উন্নয়ন সংস্থা
নিউএরা ফাউন্ডেশনের মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শনিবার বিকেলে দীপক তাঁর নিজ জমিতে যাচ্ছিলেন। ওই সময় পাশের জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ধানের জমিতে তাঁর লাশ পড়ে ছিল। রাত হয়ে গেলেও দীপক বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে ওই জমির পাশে তাঁর লাশ দেখতে পান।
জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে দীপকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

