ঈশ্বরদীতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও জিআইএসভিত্তিক কার্যক্রমের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও জিআইএসভিত্তিক কার্যক্রম নিয়ে এক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রকৌশলী আব্দুর রহিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শোয়াইব।

গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন কার্যক্রমের জিআইএস বিশেষজ্ঞ প্রকৌশলী শিমুল কুমার কুণ্ডু মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তারা বলেন, জিআইএস প্রযুক্তির যথাযথ ব্যবহার, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। এর ফলে গ্রামীণ এলাকার যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি প্রান্তিক মানুষের আর্থসামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন