গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আইসিটি বিভাগ

সংবাদ সাতদিন ডেস্ক: সরকারি ২৯ প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণার সঙ্গে জনগণের তথ্য পাওয়ার অধিকার সাংঘর্ষিক নয় বলে দাবি করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান থেকে নানামুখী সমালোচনার মুখে আজ রোববার এক তথ্য বিবরণীতে এ দাবি করা হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পুনরায় অত্যন্ত জোর দিয়ে জানাচ্ছে যে, রাষ্ট্র ও জনগণের স্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে এবং উক্ত পরিকাঠামোসমূহের নিরাপত্তা সামান্যতম বিঘ্নিত হলে জনগণের বিপুল ক্ষতির কারণ হবে। এর সাথে জনগণের তথ্যপ্রাপ্তি সংক্রান্ত অধিকার ব্যাঘাত হওয়ার কোনো সম্পর্ক নেই বা তথ্য প্রাপ্তির অধিকারের সাথে ইহা সাংঘর্ষিক নয়।’

গত রোববার ডিজিটাল নিরাপত্তা আইনে দেওয়া ক্ষমতাবলে ২৯টি প্রতিষ্ঠানকে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে আইসিটি বিভাগ। এরপর এ নিয়ে সমালোচনা করে বিএনপি। বেসরকারি সংস্থা টিআইবিসহ অনেক প্রতিষ্ঠান দাবি করেছে, এর ফলে তথ্য প্রাপ্তি বাধাগ্রস্ত হবে।

আইসিটি বিভাগ বলছে, “কতিপয় রাজনৈতাক দল ও প্রতিষ্ঠান সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ঘোষিত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহ থেকে কোনোরূপ তথ্য পাওয়া যাবে না মর্মে বানোয়াট ও মনগড়া বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তথ্য বিবরণীতে বলা হয়, “গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হচ্ছে সরকার কর্তৃক ঘোষিত এইরূপ কোনো বাহ্যিক বা ভার্চুয়াল তথ্য পরিকাঠামো, যাহা কোনো তথ্য-উপাত্ত বা কোনো ইলেকট্রনিক তথ্য নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণ, সঞ্চারণ বা সংরক্ষণ করে এবং যাহা ক্ষতিগ্রস্ত বা সঙ্কটাপন্ন হলে জননিরাপত্তা বা অর্থনৈতিক নিরাপত্তা বা জনস্বাস্থ্য এবং জাতীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় অখণ্ডতা বা সার্বভৌমত্বের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।”

আইসিটি বিভাগ বলছে, “উক্ত প্রতিষ্ঠানসমূহে সরকার ও জনগণের গুরুত্বপূর্ণ ও আর্থিক তথ্যাবলী সংরক্ষিত থাকায় এদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।”

তথ্য প্রযুক্তি বিভাগ বলছে, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সমূহের আইটি অডিট সম্পন্ন, যথাযথ অবকাঠামো নির্মাণ, সঠিক মানসম্পন্ন নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ, যথাযথ স্ট্যান্ডার্ড অনুযায়ী হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন মানব সম্পদ নিয়োগ ইত্যাদি কার্যক্রমের দ্বারা পরিকাঠামোগুলোর নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জনসাধারণকে নিরাপদ ও নিরবিচ্ছিন্নভাবে সেবা পৌঁছে দেওয়াই এই ঘোষণার প্রধান উদ্দেশ্য।

তথ্য বিবরণীতে বলা হয়, ভারত, কোরিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহ চিহ্নিত করা আছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন