পিছিয়ে পড়াদের টিকার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন: আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ছবি: বাসস

বাসস, ঢাকা:  যেসব দেশ টিকা দেওয়ার লক্ষ্য থেকে অনেক দূরে, তাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্ভাগ্যবশত কিছু দেশ এখনো তাদের টিকা লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে রয়ে গেছে। এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ মনোযোগ ও সমর্থন পাওয়ার যোগ্য।

জার্মানি ও ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি আয়োজিত ‘২০২২ গ্যাভি কোভ্যাক্স এএমসি সামিট: ব্রেক কোভিড নাও’ শীর্ষক ভার্চ্যুয়াল সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বে ধারণ করা এক ভিডিও বার্তা সম্প্রচার করা হয়। সেখানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি উন্নয়ন অংশীদারদের কোভ্যাক্স এএমসিতে তাদের অবদান এবং টিকা বাড়ানোর জন্যও আহ্বান জানাচ্ছি।’ তবে বাংলাদেশ টিকার সমতা নিশ্চিত করতে প্রস্তুত এবং গ্যাভি ও কোভ্যাক্সের সঙ্গে সব সময় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাকে শক্তিশালী করেছে। তিনি বলেন, ‘কোভ্যাক্স ফ্যাসিলিটি এই উদ্দেশ্যে আমাদের একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম অফার করেছে। ভবিষ্যতের মহামারি মোকাবিলা করার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটিকে প্রয়োজনীয় সংস্থান এবং দক্ষতার সাথে সমর্থন করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা না থাকলে মহামারির প্রভাব বাংলাদেশে ধ্বংসাত্মক হতে পারত। মহামারিতে আমরা সংক্রমণকে সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি এবং এখন সংক্রমণ অনেকাংশে কমিয়ে আনতে পেরেছি।’

এ পর্যন্ত বাংলাদেশ তার লক্ষ্যমাত্রার ৯০ শতাংশের বেশি জনসংখ্যাকে বিনা মূল্যে টিকা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সরকারপ্রধান বলেন, ‘গ্যাভির সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারত্ব এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ। আমরা কোভ্যাক্স এএমসি প্রক্রিয়া থেকে অব্যাহত সমর্থনের জন্য উন্মুখ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে টিকাকে বিশ্বব্যাপী জনসাধারণের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত।’

ভার্চ্যুয়াল এ সভার সহসভাপতি ছিলেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী সোভেনজা শুলজে এবং গাভি বোর্ডের চেয়ারম্যান জোসে ম্যানুয়েল বারোসো।

গ্যাভি কোভ্যাক্স এএমসির মাধ্যমে ১২০ কোটি ডলার এবং দান করা টিকা বিশ্বজুড়ে নিম্ন আয়ের দেশ এবং অঞ্চলগুলোতে সরবরাহ করা হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল ও গ্যাভি বোর্ডের চেয়ারম্যান জোসে ম্যানুয়েল বারোসো বক্তব্য দেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী নাজলা বাউডেন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ভিডিও বার্তা দিয়েছেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন