![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে পানিতে ডুবে নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের মানিকনগর সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন গ্রামের জুয়েল সরদারের ছেলে। মানিকনগর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সিয়াম তার দুই বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নেমেছিল। হঠাৎ সে পানিতে ডুবে যায়। দুই বন্ধু কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে সিয়ামের পরিবারকে জানায়। পরে স্বজন ও প্রতিবেশীরা পুকুরে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা–পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

