নিজস্ব প্রতিবেদক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুনুর রশিদকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের একাংশ।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী শিক্ষক নিয়োগে অনিয়ম করেছেন। অনিয়মে বাধা দেওয়ায় উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা গণিত বিভাগের চেয়ারম্যান ড. হারুনুর রশিদকে লাঞ্ছিত করেছেন।
লাঞ্ছনার অভিযোগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছিলেন অধ্যাপক হারুনুর রশিদ।
পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, গণিত বিভাগে দুই জন শিক্ষক নিয়োগের জন্য গত ২৭ জানুয়ারি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী তিনি নিয়োগ বোর্ডের সদস্য। কিন্তু নিয়োগ বোর্ডে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়।
এ সময় ভিসির নির্দেশে তাকে কর্মচারীরা লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ড. হারুনুর রশিদকে লাঞ্ছিত করা হয়নি। জনসংযোগ বিভাগের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়, ড. হারুনুর রশিদ নিজের স্ত্রীর নিয়োগ নিশ্চিত করার অপচেষ্টা চালাচ্ছেন। নিয়ম অনুযায়ী, নিকটাত্মীয় চাকরি প্রার্থী হলে নিয়োগ বোর্ডে থাকা যায় না। এই নিয়ম মেনে চলার জন্য ড. হারুনকে অনুরোধ করা হয়েছে। লাঞ্ছিত করার অভিযোগ মিথ্যা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সমীরণ কুমার সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, গণিত বিভাগের চেয়ারম্যানের অনুসারী কিছু ছাত্র-ছাত্রী মানববন্ধন করতে পারে বলে শুনেছি। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র-ছাত্রীর কোনো সম্পর্ক নেই।
