নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শাকিরভ মাকসিম (৩৯) ও বারচেনকো আলেক্সেই (৩৪) নামের দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বারচেনকো ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এবং গত বুধবার শাকিরভ রূপপুর প্রকল্পের গ্রিনসিটি আবাসিক ভবনের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিরভ মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘টেস্ট রোসেম’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটির একটি কক্ষে থাকতেন। গত বুধবার সকালের দিকে তাঁর ফ্ল্যাটের কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক সহকর্মী। পরে গ্রিনসিটি ও রূপপুর প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
অপর দিকে গত শুক্রবার রাতে ‘ভিডিএমইউ’ নামের এক সাব ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বারচেনকো প্রকল্পের কাজে যোগ দেওয়ার জন্য বের হন। প্রকল্পে মাইক্রোবাসে করে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। গুরুতর অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, হৃদ্রোগে আক্রন্ত হয়ে ওই দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। গতকাল শনিবার সকালে বারচেনকোর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে শাকিরভের মরদেহ দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
দুই দিনে রূপপুর প্রকল্পের ২ রুশ নাগরিকের মৃত্যু
এই সময়ে
রবিবার, জানুয়ারি ৩০, ২০২২
