| দণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান পুলিশ হেফাজতে। |
নিজস্ব প্রতিবেদক: রেলওয়ের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ক্ষতি সাধন করছিল স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা। বিষয়টি নজরে আসলে ওই কর্মকর্তা মাটি কাটতে নিষেধ করেন। এতেই বাধে বিপত্তি, ক্ষিপ্ত হয়ে উঠে ওই কর্মকর্তাসহ কর্মচারীদের ‘দেখে নেওয়ার হুমকি’ প্রদান করেন। এমন অপরাধে এক ব্যক্তিকে এক বছরের জেল দেন ভ্রাম্যমান আদালত।
ঈশ্বরদী শহরের রেলগেট এলাকার পাতিবিল রেলওয়ের খাদ এলাকায় বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে। আদালতের হাকিম রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা নূরুজ্জামান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মাহবুবুর রহমান। তিনি শহরের পাতিবিল এলাকায় বসবাস করেন। তাঁর দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর গ্রামে। সেই ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরবেলা পাকশী থেকে পাতিবিল এলাকা দিয়ে রেলওয়ের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈশ্বরদী শহরের দিকে আসছিল। তখন পাতিবিল এলাকায় রেলওয়ের সরকারী খাদে অবৈধভাবে মাটি কাটছিলেন মাহবুবুর রহমান। বিষয়টি ভ্রাম্যমান আদালতের হাকিমের নজরে আসলে ওই মাহবুবুর রহমানের কাছ থেকে মাটি কাটার কারন জানতে চান। এসময় ওই ব্যক্তি 'উর্ধত্বন পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের আত্বীয়র পরিচয় দিয়ে ‘ আপনি বলার কে,?' আপনাদের দেখে নিব’ বলে দ্রুত সেখান থেকে চলে বলে হুমকি দেন। পরে পুলিশের সহযোগিতায় আদালত বসিয়ে তাকে এক বছরের জেল দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নূরুজ্জামান বলেন, সরকারী আইন অমান্য করে রেলওয়ের জমি থেকে মাটি কাটা ও কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অপরাধে দ্ব-বিধির ৩৫৩ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে এক বছরের জেল দেয়া হয়।
