| প্রতিকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান ও লোকসমাগম না করার নির্দেশ দিয়েছেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। আজ বিকেল পাঁচটা থেকে পরের দিন ১ জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে টানা ১৩ ঘণ্টা উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে জেলা এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে উন্মুক্ত স্থানে সব ধরনের গানবাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছেন।
মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, আদেশ লঙ্ঘনকারীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সকলের সর্বাত্মক সহযোগিতা চাইছে পুলিশ।
