‘রাজনৈতিক কারণে’ জেরুজালেমে প্রীতি ম্যাচ খেলবে না বার্সা

ফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদন: বেইতার জেরুজালেম ইসরায়েলি প্রিমিয়ার লিগে খেলা ক্লাব। আগামী ৪ আগস্ট বার্সেলোনার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তাদের।

কিন্তু ক্লাবটির মালিক কাল জানিয়েছেন, বার্সার সঙ্গে প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে। বেইতারের মালিক মোশে হোজেজ ফেসবুকে এক পোস্টে জানান, ‘বার্সেলোনার সঙ্গে ম্যাচটি বাতিল করতে বাধ্য হচ্ছি।’

কারণ, বার্সা ‘রাজনৈতিক উদ্দেশ্য’ থেকে জেরুজালেমে খেলতে রাজি হয়নি। খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

হোজেজ তাঁর ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘শহরটির প্রতি ভালোবাসা থেকে ক্লাবটি কিনেছিলাম। এখন রাজনৈতিক কারণে আমি যদি জেরুজালেমে ক্লাবকে না খেলাই, তাহলে নিজের আদর্শের জায়গা থেকে সরে আসা হবে।’ কাতালান ক্লাবটি নাকি এই প্রীতি ম্যাচ তেল আবিবে খেলতে চেয়েছিল।

এদিকে এএফপিকে বার্সার সূত্র জানিয়েছে, প্রাক্‌-মৌসুম প্রীতি ম্যাচের জন্য তাদের বেশ কিছু পরিকল্পনা আছে। কিন্তু জেরুজালেমে বেইতারের সঙ্গে যে ম্যাচের কথা বলা হচ্ছে, সেটি আনুষ্ঠানিকভাবে কখনো নিশ্চিত করা হয়নি।

মুক্তিকামী ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিন ফুটবল ফেডারেশন জেরুজালেমে ম্যাচ হতে দিতে রাজি নয়। এদিকে জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে থাকে ইসরায়েল।

১৯৬৭ সালে ছয় দিনব্যাপী যুদ্ধের পর জেরুজালেমের পূর্ব অংশ দখল করে ইসরায়েল এবং তাদের রাষ্ট্রের সঙ্গে অঞ্চলটি সংযুক্ত করা হয়। যদিও আন্তর্জাতিকভাবে তা স্বীকৃতি পায়নি।

কিন্তু ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে থাকে জেরুজালেমকে। শহরটির পশ্চিম অংশে টেডি স্টেডিয়ামে বার্সার সঙ্গে এই প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বেইতার।

বেইতার ছয়বার ইসরায়েলি চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং তাদের সমর্থকদের একটা অংশ নিয়মিত আরব খেলোয়াড়দের দুয়ো দিয়ে থাকে। যদিও ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি তারা ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। ২০১৭ সালে তারা বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রেসিডেন্ট রিউভিন রিভলিন পদক জিতেছে।

তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস 

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন