রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু

করোনা ভাইরাস প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ১০ জন; নাটোরের ২ জন; পাবনা, নওগাঁর ও মেহেরপুরের ১ জন করে রয়েছেন।

ওই ১৫ জনের মধ্যে ৫ জন করোনায় মারা গেছেন। আর দুজন করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন। পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর দুজন এবং নওগাঁ, নাটোর ও মেহেরপুরের একজন করে। নেগেটিভ দুজন রাজশাহীর। বাকি আটজনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৯ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫ এর মধ্যে ওঠানামা করছে। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ২৮৬ জন। জুনে মারা গেছেন ৩৪৬ জন।

আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৬২ জন। এখনো হাসপাতালে ভর্তি ৪৯৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২৪২ জন, সন্দেহভাজন ২০০ জন ও নেগেটিভ ৫৬ জন।

আগের দিনে রোগী ছিলেন মোট ৫০৭ জন। মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই রয়েছেন ২৬৬ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নাটোর। এই জেলার রোগী আছেন ৮০ জন। পাবনার রয়েছেন ৫৫ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা রয়েছে ৪৫৪।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৪১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৪৫ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৭। আগের দিনে এই হার ছিল ২৫ দশমিক ৮৫।

চাঁপাইনবাবগঞ্জে ১৪৭ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ৩০ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৪১। আগের দিনের হার ছিল ৮ দশমিক শূন্য ১।

তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন