কর্ণিয়াদের গানটিতে ফাঙ্কি ব্যাপার আছে

সংগীত শিল্পী কর্ণিয়া। ফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদন: শুরু থেকেই মেলোডিয়াস আর ড্যান্স বিটের গান করে আসছেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। এবার একটু ভিন্ন পথে হাঁটলেন। প্রথম পুরোপুরি পপ ঘরানার গান করলেন তিনি। সঙ্গে আছেন আরেক শিল্পী আলভি। ‘দেখলে তোরে’ শিরোনামের এই গান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি করা হয়েছে। কর্ণিয়া জানান, রিদমিক এই গান তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘ঈদ মানেই ধামাকা, আনন্দ। সুতরাং ঈদের আমেজের সঙ্গে মিলিয়ে গানটি করেছি আমরা। আলভির কণ্ঠও সুন্দর। গানটির মধ্যে বেশ মজা আছে। ফাঙ্কি একটা ব্যাপার আছে। গানটির ভিডিও চিত্রও কালারফুল করার চেষ্টা করেছি। তরুণ প্রজন্মের শ্রোতা-দর্শকেরা গানটি পছন্দ করবেন।’

দেখলে তোরে’ গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন। সুর ইয়াসিন হোসেনের। সংগীত আলভি নিজেই করেছেন।

কর্ণিয়া জানালেন, লকডাউন শুরুর ঠিক আগের দিন ধানমন্ডি ও লালমাটিয়ার লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন রাকিব আহমেদ।

কর্ণিয়াকে নাটকের গানে তেমন দেখা যায়নি। আগামী ঈদুল আজহায় দুটি নাটক ও একটি অরিজিনাল সিরিজে তাঁর কণ্ঠে তিনটি গান থাকছে। গানগুলোর শিরোনাম ‘গার্লস স্কোয়াড’, লুকোচুরি’ ও ‘যাক না সময়’।

তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন